জ্ঞানেশের পদত্যাগ চাই! যন্তর মন্তরে ধুন্ধুমার, ধস্তাধস্তির পর আটক বিক্ষোভকারীরা

বার্তা ডেস্কঃ

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের সৃষ্টি হলো। ককরোচ জনতা পার্টি, AISA, SFI, NSUI এবং IYC-সহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের হাজারেরও বেশি কর্মী এ দিন যন্তর মন্তরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বাধে। শেষ পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।

দিল্লি পুলিশের দাবি, ওই এলাকায় ইতিমধ্যেই বিএনএস ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছিল। এছাড়া এ দিনের জমায়েতের জন্য কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, নিউ দিল্লি জেলা পুলিশ চত্বরে জনসমাবেশ, স্লোগান, মিছিল কিংবা ধর্না সম্পূর্ণ নিষিদ্ধ।

শুক্রবারের পর শনিবার সকালেও হাজারো বিক্ষোভকারী যন্তর মন্তরে জড়ো হন। নেহা বোরা, আইনজীবী কপিল সিবাল, প্রশান্ত ভূষণ ও অভীক সাহার মতো বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্দোলনকারীদের নেতৃত্বে মিছিল যন্তর মন্তরের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এর পরেই শুরু হয় চরম উত্তেজনা ও ধস্তাধস্তি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতানৈক্য এবং তাঁর একক নির্দেশ প্রদান সংক্রান্ত একটি রিপোর্টের জেরে দেশজুড়ে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে আগামী ১০ অক্টোবর ফের দিল্লির যন্তর মন্তরে বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *