পুজোয় বাড়ি ফেরার চিন্তা শেষ, যাত্রীদের জন্য সুখবর দিল রেল!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজো, দীপাবলি এবং ছটপুজো— সামনেই উৎসবের মরশুম। এই সময়ে বাড়ি ফেরা বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। আর সেই কারণে ট্রেনগুলিতে উপচে পড়া ভিড় এড়াতে এবং যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বড়সড় প্রস্তুতি নিল দক্ষিণ-পূর্ব রেল। উৎসবের মরশুমে ১৯ জোড়া স্পেশ্যাল ট্রেনের মোট ৩৪৪টি ট্রিপ চালানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি, বিভিন্ন নিয়মিত ট্রেনেও স্থায়ীভাবে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে।

কোন কোন রুটে চলবে স্পেশ্যাল ট্রেন? যাত্রীদের যাতায়াত সহজ করতে একাধিক গুরুত্বপূর্ণ রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি রুট হল:

  • শালিমার – চরলাপল্লি – শালিমার (08045/08046)
  • বিশাখাপত্তনম – শালিমার – বিশাখাপত্তনম (08508/08507)
  • সাঁতরাগাছি – আজমের – সাঁতরাগাছি (08611/08612)
  • সাঁতরাগাছি – নাহারলাগুন – সাঁতরাগাছি (08047/08048)
  • পুরী – সাঁতরাগাছি – পুরী (08405/08406)
  • মালদহ টাউন – দিঘা – মালদহ টাউন (03465/03466)
  • রাঁচি – আনন্দ বিহার – রাঁচি (02877/02878)
  • হাতিয়া – এসএমভিটি বেঙ্গালুরু – হাতিয়া (08637/08638)
  • এলটিটি মুম্বই – সাঁতরাগাছি – এলটিটি মুম্বই (01107/01108)
  • এগুলি ছাড়াও শালিমার, রাঁচি, হাতিয়া, লখনউ এবং সাঁতরাগাছি থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে আরও বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন চলাচল করবে।

বাড়তি কোচ সংযোজন শুধুমাত্র স্পেশ্যাল ট্রেনই নয়, যাত্রী পরিষেবার ক্ষমতা বাড়াতে নিয়মিত ট্রেনগুলিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন রুটিন ট্রেনে ৩০টি অতিরিক্ত কোচ স্থায়ীভাবে বাড়ানো হয়েছে, যা উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রেনগুলির চাপ কমাতে সাহায্য করবে।

রেল কর্তৃপক্ষের আশা, স্পেশ্যাল ট্রেন চলাচল এবং নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচের এই ব্যবস্থার ফলে পুজোয় ঘরমুখো যাত্রীদের আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বা কনফার্ম টিকিট নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। এর ফলে যাত্রীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ও বিকল্প উপায়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *