নন্দীগ্রাম কাণ্ড নিয়ে বিস্ফোরক শুভেন্দু, সিটি স্ক্যান রিপোর্টে কী ফাঁস হলো!
বার্তা ডেস্কঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভোট প্রচারে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে এক বিশাল টার্নিং পয়েন্ট ছিল। সেই ঘটনায় তাঁর পা ও বুকে গুরুতর আঘাত লেগেছিল বলে দাবি করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পর সেই পুরোনো ঘটনা নিয়েই এবার বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর সিটি স্ক্যান রিপোর্ট উদ্ধৃত করে তাঁর দাবি, ২০২১ সালে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে আদৌ কোনও হাড় ভাঙেনি!
নবান্ন চত্বর থেকে এই বিষয়ে সরব হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, বাঙুরের সিটি স্ক্যান রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে যে মমতার বাম পায়ে কোনও ফাটল বা হাড়ের ‘ডিসলোকেশন’ হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালের সেই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন। সেই সময় নন্দীগ্রামের বিরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে তিনি পায়ে ও বুকে চোট পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। ঘটনার পরই তাঁকে তড়িঘড়ি কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এসএসকেএম-এর অধীনে থাকা বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে তাঁর বাম হাঁটু এবং বুকের সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছিল। দীর্ঘ দিন পেরিয়ে সেই পুরোনো রিপোর্টকে হাতিয়ার করেই এবার নতুন করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা ও রাজনৈতিক তরজা।