পুজোয় বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? রেলের বড় ঘোষণায় স্বস্তি যাত্রীদের!
বার্তা ডেস্কঃ
সামনে কড়া নাড়ছে শারদোৎসব। পুজো মানেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় এবং টিকিট পাওয়ার লড়াই। যাত্রীদের এই অতিরিক্ত চাপ ও দুর্ভোগ কমাতে এবার বড়সড় পদক্ষেপ করল দক্ষিণ পূর্ব রেল। উৎসবের মরশুমে যাত্রীদের স্বস্তি দিতে মোট ১৯ জোড়া বিশেষ বা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
রেল সূত্রে খবর, গত বছর উৎসবের মরশুমে মোট ১৯ জোড়া স্পেশাল ট্রেন ৩৫০টিরও বেশি ট্রিপ করেছিল, যার মধ্যে কিছু ট্রেন পরবর্তীতে স্থায়ী পরিষেবায় রূপান্তরিত হয়। চলতি বছরেও যাত্রীদের সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ রুটে এই স্পেশাল ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক নজরে স্পেশাল ট্রেনগুলির তালিকা:
- শালিমার রুট: শালিমার–চরলাপল্লি–শালিমার (08045/08046), শালিমার–খুরদা রোড–শালিমার (08043/08044)
- সাঁতরাগাছি রুট: সাঁতরাগাছি–আজমের–সাঁতরাগাছি (08611/08612), সাঁতরাগাছি–নাহারলাগুন–সাঁতরাগাছি (08047/08048), সাঁতরাগাছি–দিঘা–সাঁতরাগাছি (02847/02848)
- রাঁচি ও হাতিয়া রুট: রাঁচি–আজমের–রাঁচি (09620/09619), রাঁচি–আনন্দ বিহার–রাঁচি (02877/02878), হাতিয়া–বানো–হাতিয়া (08631/08632), রাঁচি–আলিপুরদুয়ার–রাঁচি (08661/08662), হাতিয়া–এসএমভিটি বেঙ্গালুরু (08637/08638), হাতিয়া–এলটিটি মুম্বই (08609/08610), রাঁচি–শালিমার (08616/08615)
- অন্যান্য রুট: বিশাখাপত্তনম–শালিমার (08508/08507), পুরী–সাঁতরাগাছি (08405/08406), তিরুবনন্তপুরম–সাঁতরাগাছি (06081/06082), চরলাপল্লি–সাঁতরাগাছি (07221/07222), মালদহ টাউন–দিঘা (03465/03464), এলটিটি মুম্বই–সাঁতরাগাছি (01107/01108) এবং লখনউ–আদিত্যপুর (04218/04217)। এছাড়াও দক্ষিণ পূর্ব রেলের এলাকা দিয়ে আরও এক জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে।
ট্রেনের সক্ষমতা বৃদ্ধি: শুধু স্পেশাল ট্রেন চালানোই নয়, ট্রেনের যাত্রী ধারণক্ষমতা বাড়াতে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন নিয়মে নিয়মিত ৩০টি কোচ স্থায়ীভাবে বাড়ানো হয়েছে। রেলের এই পদক্ষেপে উৎসবের মরশুমে সাধারণ যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।