আন্তর্জাতিক মঞ্চে বাংলার জয়জয়কার, লন্ডনের মেলায় পর্যটনের নতুন দিশা!
বার্তা ডেস্কঃ
মালবাজার: বিশ্বমঞ্চে এবার বাংলার পর্যটনকে মেলে ধরার পালা। আন্তর্জাতিক পর্যটনের বড় আসর লন্ডনের পর্যটন উৎসবের মেলায় এই প্রথমবার অংশ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ডিসেম্বরে লন্ডন থেকেই এই আন্তর্জাতিক যাত্রার সূচনা হবে। শুধু লন্ডন নয়, বিশ্বের ছয়টি বড় দেশে পর্যায়ক্রমে রাজ্যের নিজস্ব কাউন্টার বসানোর পরিকল্পনা নিয়েছে পর্যটন দপ্তর।
শনিবার জলপাইগুড়ির চালসার একটি বেসরকারি রিসর্টে জেলার পর্যটন ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠকে জেলার পর্যটন ব্যবসায়ীরা বন, পরিকাঠামো, ভূমি জটিলতা, বিদ্যুৎ সমস্যা, জঙ্গল প্রবেশের টিকিট কাউন্টার এবং প্রকৃতিবীক্ষণ কেন্দ্র সংস্কার সংক্রান্ত বিভিন্ন দাবি ও সমস্যা মন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রী সমস্ত দাবি লিখিত আকারে জমা দিতে বলেন এবং আগামী দুই মাসের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
৩৬৫ দিনের পর্যটন ও নতুন উৎসবের পরিকল্পনা
মরশুমভিত্তিক নয়, রাজ্যজুড়ে ‘৩৬৫ ডেজ ট্যুরিজ়ম’ বা বছরভর পর্যটনের প্রসারে বিশেষ জোর দিচ্ছে দপ্তর। পর্যটন মানচিত্রে রাজ্যকে দেশের শীর্ষস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলাভিত্তিক বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- পুরুলিয়ায় ‘পলাশ উৎসব’।
- সান্দাকফু থেকে মেঘমা পর্যন্ত ভিন্টেজ কার র্যালি।
- দার্জিলিংয়ে ‘চা উৎসব’।
- কলকাতায় সাত দিনের আন্তর্জাতিক মানের ‘ফুড ফেস্টিভ্যাল’। পাশাপাশি, রাজ্যের পর্যটন ওয়েবসাইটকে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের করে তোলার কাজও দ্রুত শুরু হয়েছে। সম্প্রতি সিটংয়ের অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে পর্যটন দপ্তর সাফ জানিয়েছে, সুরক্ষার স্বার্থে প্রতিটি হোমস্টের রেজিস্ট্রেশন এবার সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে।