বিশ্ব রাজনীতিতে কোণঠাসা আমেরিকা, বিস্ফোরক এস জয়শঙ্কর!
বার্তা ডেস্কঃ
রবিবার দিল্লিতে আয়োজিত মিউনিখ লিডার্স মিটিংয়ে আন্তর্জাতিক রাজনীতি এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে স্পষ্ট মতামত জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মতে, বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আমেরিকার অবস্থানের আমূল পরিবর্তন। আমেরিকা এখন সচেতনভাবেই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে ‘একা’ করে তুলছে।
আমেরিকা ও চিনের অবস্থান বৈঠকে বিদেশমন্ত্রী জানান, আমেরিকা নিজেদের পছন্দেই এই একাকীত্ব বেছে নিয়েছে। অন্যদিকে, বিশ্বের দ্বিতীয় বড় পরিবর্তন হলো চিনের উত্থান। চিন নিজেকে একটি ‘অনন্য দেশ’ হিসেবে মনে করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের প্রভাব সেই ধারণাকেই মান্যতা দিচ্ছে।
অস্ত্র হচ্ছে প্রভাব জয়শঙ্করের মতে, বিশ্বে এখন তীব্র প্রতিযোগিতা চলছে এবং তা শুধু আমেরিকা ও চিনের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন দেশ এখন নিজেদের হাতে থাকা যে কোনও প্রভাব বা ক্ষমতাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাতিয়ার বা অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
ইরান সংঘাত ও ভারতের উদ্বেগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রী জানান, এই যুদ্ধের সঙ্গে ভারতের কোনও সরাসরি যোগ না থাকলেও, এর চরম মূল্য চোকাতে হচ্ছে নয়াদিল্লিকে। তাঁর কথায়, ইরান সংঘাতের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে প্রবল বিঘ্ন ঘটছে। অস্থির জ্বালানি বাজারের প্রভাব সরাসরি সাধারণ মানুষের রান্নাঘর ও কর্মসংস্থানে পড়ছে। তাই দ্রুত এই সমস্যার সমাধান এবং বাণিজ্য স্বাভাবিক হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
মিউনিখ লিডার্স মিটিং কী? মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের উদ্যোগে বছরে দু’বার এই বিশেষ বৈঠক আয়োজিত হয়। বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় ৮০ জন নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ এখানে উপস্থিত থাকেন। বিদেশনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠকে খোলামেলা আলোচনা হয়।