নন্দীগ্রামে তৃণমূল নেতার সঙ্গে হাত মিলিয়েই হুঙ্কার শুভেন্দুর, মুছে যাবে সব নাম-নিশান!

বার্তা ডেস্কঃ

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। রবিবার ছিল শেষবেলার প্রচার। আর এদিনই বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে রাস্তায় নেমে বড়সড় চমক দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত আয়োজিত এক বিশাল মিছিলে সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে পায়ে পা মেলাতে দেখা যায় তাঁকে।

কিন্তু প্রচারের মাঝেই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা! মিছিল চলাকালীন হঠাৎই শুভেন্দুর সামনে এগিয়ে আসেন স্থানীয় এক দাপুটে তৃণমূল নেতা, যাঁর নাম বায়তুল্লা। তিনি সোজা এগিয়ে গিয়ে হাত মেলান এবং এক চাঞ্চল্যকর দাবি করে বসেন। ওই তৃণমূল নেতা জানান, তাঁর বুথের ১,০১৮টি ভোটের মধ্যে অন্তত ১,০০০টি ভোটই এবার পাবে বিজেপি!

এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী চরম আত্মবিশ্বাসের সুরে বলেন, “ওঁরা চাইলে বন্ধুত্ব করতেই পারে। এটি একটি সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত বুথ। অথচ ওখানকার তৃণমূল নেতাই বলছেন যে তাঁরা বিজেপিকে হাজারটা ভোট দেবেন! কী করে হবে, সেটা ওরাই ভালো জানে।”

এরপরই বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি কাউকে ভয় দেখাইনি। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, এখানে সবার জামানত বাজেয়াপ্ত হবে। যে যেখানে খুশি নাম লেখাক, সব নাম-নিশান মুছে যাবে। কিছুই আর অবশিষ্ট থাকবে না, সব খতম!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *