কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর! বাংলায় তৈরি হচ্ছে ৪টি নতুন এয়ারপোর্ট
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় পদক্ষেপ করল কেন্দ্র ও রাজ্য সরকার। ‘উড়ান ২.০’ (UDAN 2.0) প্রকল্পের আওতায় রাজ্য পেতে চলেছে ৪টি নতুন এয়ারপোর্ট। পাশাপাশি মুম্বইয়ের তরজায় কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর তৈরি এবং ইউরোপ রুটে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রাম মোহন নায়ডু। এই বিষয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রাজ্যের কোন ৪ জায়গায় তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর?
আগামী ১০ বছরের মধ্যে দেশে মোট ১০০টি নতুন বিমানবন্দর তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের এই ৪টি স্থান চিহ্নিত করা হয়েছে:
- হাসিমারা (আলিপুরদুয়ার)
- বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর)
- কলাইকুণ্ডা (পশ্চিম মেদিনীপুর)
- ছররা (পুরুলিয়া)
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই সমস্ত বিমানবন্দরে মূলত ‘ন্যারো বডি’ (Narrow-body) এয়ারক্রাফ্ট বা মাঝারি আকারের বিমান চলাচলের বন্দোবস্ত করা হবে।
কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্ট ও আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি
যাত্রীচাপ সামলাতে মুম্বইয়ের মতোই তিলোত্তমায় দ্বিতীয় একটি বিমানবন্দর তৈরির প্রয়োজনীয়তার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া কলকাতা বিমানবন্দর থেকে ইউরোপসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়াতে এয়ারলাইন্স সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে মন্ত্রক।
বাগডোগরা ও বেহালা ফ্লাইং ক্লাবের আধুনিকীকরণ
উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাগডোগরা বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ চলছে। এর পাশাপাশি কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবকেও আন্তর্জাতিক মানের পাইলট ট্রেনিং সেন্টারে উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র।