জেলে যাওয়ার সময় হয়েছে আপনার! চেক বাউন্স মামলায় চরম ভর্ৎসনার মুখে রাজপাল যাদব

বার্তা ডেস্কঃ

পুরনো চেক বাউন্স সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। ২০১০ সালে একটি সিনেমা নির্মাণের জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে ধার মেটাতে দেওয়া একাধিক চেক বাউন্স করে এবং সুদের হিসাবসহ দেনা দাঁড়ায় প্রায় ১১ কোটি টাকায়। এই মামলাতেই শীর্ষ আদালত সম্প্রতি তাঁকে ২ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ধার্য করা সময়সীমা পেরিয়ে গেলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ আদালতে জমা দিতে ব্যর্থ হন অভিনেতা।

টাকা জমা না দেওয়ায় শুনানির সময় চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচী। অভিনেতার আইনজীবীর এক মন্তব্যে অসন্তুষ্ট হয়ে বিচারপতি স্পষ্ট জানান, আইনের চোখে সবাই সমান এবং আদালতের প্রতি অমান্য প্রদর্শনের জন্য রাজপাল যাদবের প্রকৃত স্থান জেলে হওয়া উচিত। ইতিপূর্বে এই বকেয়া সংক্রান্ত বিবাদে সাড়ে চার মাস কারাভোগ করেছিলেন তিনি। সুপ্রিম কোর্ট মঙ্গলবার পর্যন্ত অর্থ পরিশোধের চূড়ান্ত সুযোগ দিয়ে আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *