ঢাকায় দাঁড়িয়ে ভারতকে নিয়ে কী বললেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি?
বার্তা ডেস্কঃ
ঢাকায় অনুষ্ঠিত ‘বে অফ বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে যোগ দিয়ে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশেদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতকে বাদ দিয়ে তাঁদের দেশের বেঁচে থাকা আসাম্ভব। নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে ভারতের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি জানান, নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারের সময় অনেক কিছুই বলা যায়, কিন্তু ক্ষমতায় আসার পর বাস্তব পরিস্থিতি মেনে নিতেই হয়। বর্তমান মালদ্বীপ সরকারের উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দেন, শেষ পর্যন্ত ভারতের সাহায্য ছাড়া চলা সম্ভব নয়।
পাশাপাশি, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের আবহে নাশেদের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ছোট দেশ হিসেবে নিজস্ব সামরিক খরচের সীমাবদ্ধতা এবং ভারতীয় কর্মকর্তাদের সহযোগিতাপূর্ণ মানসিকতার প্রশংসা করে তিনি দ্রুত সম্পর্ক মেরামতের পরামর্শ দেন। ঢাকায় দাঁড়িয়ে তাঁর এই দ্ব্যর্থহীন বার্তা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় বার্তা ও আয়না স্বরূপ বলেই মনে করা হচ্ছে।