কৃষ্ণসাগরে তুর্কি জাহাজে রুশ হামলা, ভারতীয় নাবিকের আহতের ঘটনায় মস্কোকে কড়া বার্তা দিল্লির!

বার্তা ডেস্কঃ

কৃষ্ণসাগরে একটি তুর্কি মালিকানাধীন অসামরিক পণ্যবাহী জাহাজে ভয়াবহ রুশ ড্রোন হামলার ঘটনায় তিন জন ভারতীয় নাগরিকের মধ্যে এক নাবিক আহত হয়েছেন। এই হামলায় জাহাজের দুই কর্মী প্রাণ হারিয়েছেন বলে জানা গেলেও তাঁদের জাতীয়তা এখনও স্পষ্ট নয়। এমভি রয়াদ মাম্মাদভ নামের জাহাজটিতে অগ্নিকাণ্ডের পর মোট ১১ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বর্তমানে রোমানিয়ার কনস্টান্টা কাউন্টি হাসপাতালে আহত ভারতীয় নাবিকের চিকিৎসা চলছে। রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে আহতদের খোঁজ নিয়েছেন এবং ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তিন জন ভারতীয়ই বর্তমানে আশঙ্কামুক্ত ও নিরাপদ রয়েছেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে মস্কোকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছে ভারত। অসামরিক জাহাজে এই ধরনের আগ্রাসনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানান, যুদ্ধের মধ্যেও সাধারণ মানুষের জীবন ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা বজায় রাখা জরুরি। আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য তরান্বিত রাখা এবং বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে অবিলম্বে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *