সল্টলেকের রেস্তরাঁয় হাজির কোটি টাকার চিনা রোবট, পুজোয় নাচ-বক্সিংয়ে তাক লাগাবে কে?
বার্তা ডেস্কঃ
আসন্ন দুর্গাপুজোর আবহেই কলকাতার টেক-হাব সল্টলেক সেক্টর ফাইভের একটি রেস্তরাঁয় আত্মপ্রকাশ করতে চলেছে এক অত্যাধুনিক ‘হিউম্যানয়েড রোবট’। চিন থেকে প্রায় এক কোটি টাকারও বেশি খরচে আনা চার ফুট উচ্চতা ও ৩৫ কেজি ওজনের এই ধাতব রোবটটি নাচ, ফুটবল খেলা, বক্সিং করা থেকে শুরু করে মানুষের সঙ্গে কথোপকথনেও পারদর্শী। মূলত কার্বন ফাইবার, বিশেষ মোটর ও গিয়ার দিয়ে তৈরি এই রোবটটিতে মোবাইলের মাধ্যমেও অতিরিক্ত প্রোগ্রামিং যুক্ত করা সম্ভব। টিসিএসের বিশেষজ্ঞদের সহযোগিতায় বিগত তিন মাস ধরে এর প্রশিক্ষণ চলছে। আপাতত ইংরেজি ও চিনা ভাষায় কথা বলতে সক্ষম হলেও ভবিষ্যতে এটি বাংলায় কথা বলবে। মানুষের বিনোদন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে দুর্গাপুজোয় তাকে পাঞ্জাবি-পায়জামা পরিয়ে সাধারণ মানুষের সামনে আনার প্রস্তুতি চলছে।
এর আগেও এই রেস্তরাঁয় খাবার পরিবেশনের কাজে রোবট দেখা গেলেও, মানুষের সঙ্গে সরাসরি বিনোদনের জন্য এই বিশেষ ব্যবস্থা দেশে এক অনন্য সংযোজন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের বিকল্প নয়, বরং সহকারী হিসেবে তুলে ধরতেই এই পদক্ষেপ বলে রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি, পুজোর আগেই ছয় ফুট উচ্চতার আরও একটি উন্নত সংস্করণের রোবট আনার পরিকল্পনা রয়েছে, যা রান্নাবান্না ও বোতল খোলার মতো গৃহস্থালির সূক্ষ্ম কাজে সাহায্য করবে। শহরবাসীর জন্য এই উদ্যোগ খাবারের স্বাদের পাশাপাশি আধুনিক রোবোটিক্সের এক অসাধারণ অভিজ্ঞতা এনে দিতে চলেছে। উল্লেখ্য, কৃষ্ণনগরের একটি রেস্তরা্বেও পরিবেশক রোবট ‘অনন্যা’ ইতোপূর্বে ব্যাপক সাড়া ফেলেছিল।