পুজোর আগে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ, হাইকোর্টে বড় ধাক্কা!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর প্রাক্কালে বড় ধরণের আর্থিক সংকটে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। অবৈধ লেনদেনের অভিযোগে পূর্বে ফ্রিজ হওয়া দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আদালতের নিযুক্ত বিশেষ আধিকারিকের তত্ত্বাবধানে খরচ করার নির্দেশ থাকলেও, বর্তমান সময়ে প্রয়োজনের খাতিরে মিলছে না পর্যাপ্ত টাকা। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশেষ আধিকারিক সুব্রত তালুকদারের কমিটির কাছে আবেদন জানিয়েও কর্মী-বেতন, দলীয় দফতরের বাড়ি ভাড়া এবং দৈনন্দিন সাংগঠনিক খরচ মেটানো সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতির দ্রুত সমাধানে সোমবার কলকাতা হাই কোর্টে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল মমতা তৃণমূল। তবে আদালত সেই আর্জি খারিজ করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ছুটির পর নির্দিষ্ট নিয়ম মেনেই মামলাটির শুনানি হবে। এর ফলে আপাতত আদালতের আগের নির্দেশই বহাল থাকছে এবং বিশেষ আধিকারিকের নিয়ন্ত্রণেই অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। দুর্গাপুজো এবং আসন্ন উপনির্বাচনের ঠিক আগে তহবিল নিয়ে এই জটিলতা দলটির সাংগঠনিক চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিল।