ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে বড় ধাক্কা, কী বললেন নির্মলা সীতারামন?
বার্তা ডেস্কঃ
নয়াদিল্লি: ভারত ও আমেরিকার বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি ঘিরে তৈরি হলো নতুন সংশয়। দীর্ঘদিনের টানাপোড়েনের পর আলোচনা আপাতত এক জায়গায় এসে থমকে গিয়েছে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্পষ্ট জানান, ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা বর্তমানে একটি ‘প্ল্যাটিউ’ বা সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। ফলে এই অবস্থান থেকে নতুন করে কোনো ছাড় দেওয়া বা বাড়তি সুবিধা আদায় করা দুই দেশের জন্যই অত্যন্ত কঠিন।
আলোচনা কি একেবারেই বন্ধ? অর্থমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, আলোচনা এখনই পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। উভয় পক্ষই এখনও সমঝোতার শেষ সুযোগ খতিয়ে দেখছে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া এখন আসাম্ভব।
কোথায় মূল সমস্যা? ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বাণিজ্যিক বাধা দূর করা। কিন্তু শেষ মুহূর্তে এসে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে:
- মার্কিন চাপ: দ্বিপাক্ষিক বাণিজ্যে পাল্লা ভারতের দিকে ভারী থাকায় আমেরিকা বাণিজ্য ঘাটতি কমাতে মরিয়া। তাই মার্কিন পণ্যের জন্য ভারতীয় বাজার আরও উন্মুক্ত করা এবং শুল্ক কমানোর দাবি জানাচ্ছে ওয়াশিংটন।
- ভারতের অবস্থান: ভারত নিজের কৃষি, উৎপাদন খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (MSME) ক্ষতি করে কোনো চুক্তি করতে নারাজ। পাশাপাশি মার্কিন বাজারে ভারতীয় পণ্য ও সেবামূলক খাতের জন্য আরও সহজ প্রবেশাধিকার চায় নয়াদিল্লি।
সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির-ও ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর দ্রুত চুক্তির সম্ভাবনা নাকচ করেছিলেন। সোমবার অর্থমন্ত্রীর বক্তব্যে সেই অচলাবস্থার আশঙ্কাই চূড়ান্ত মাত্রা পেল।