পুজোর আগেই বাজিমাত! ১১ হাজার হাতে চাকরির চিঠি, রাজ্যে ১ লাখ নিয়োগের ঘোষণা
বার্তা ডেস্কঃ
কলকাতা: দুর্গাপূজোর আবহেই রাজ্য জুড়ে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এলো বড় খবর। দেবীপক্ষ থেকেই শুরু হতে চলেছে নিয়োগপত্র বিতরণের প্রক্রিয়া। প্রথম ধাপেই প্রায় ১১ হাজার চাকরিপ্রার্থীর হাতে তুলে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার।
চলতি অর্থবর্ষে রাজ্যে মোট ১ লাখ পদে সরকারি নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সরকারি দফতরে নতুন করে আরও ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এক নজরে কোথায় কত নিয়োগ ও নতুন ঘোষণা:
- দেবীপক্ষেই নিয়োগপত্র: আগামী ১১ অক্টোবর (দেবীপক্ষে) রাজ্য পুলিশের প্রথম ব্যাচের সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
- যেসব দফতরে নিয়োগ হবে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বন বিভাগ, দমকল ও জরুরি পরিষেবা এবং সংশোধনাগার বিভাগে ধাপে ধাপে কর্মী নিয়োগ করা হবে।
- পুলিশ বাহিনীতে বিশাল নিয়োগ: কলকাতা পুলিশে ৪,০০০ এবং পশ্চিমবঙ্গ পুলিশে ১২,০০০—সব মিলিয়ে পুলিশ বিভাগে মোট ১৬,০০০ শূন্যপদ পূরণের রূপরেখা তৈরি করা হয়েছে।
- পরিকাঠামো উন্নয়ন: পুলিশি পরিষেবা আরও দ্রুত ও মসৃণ করতে কুইক রেসপন্স টিমকে (QRT) ৪০০টি নতুন বাইক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ববর্তী আইনি জট কাটিয়ে নিয়োগকারী সংস্থাগুলি এবং এসএসসি (SSC) নতুন করে কাজ শুরু করেছে। প্রতিটি সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে পরীক্ষা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে এই নিয়োগ সম্পন্ন করা হবে।