এসআইআর ইস্যুতে মহুয়ার বিস্ফোরক আক্রমণ, ‘ভাইঝি’ কটাক্ষে তোলপাড় রাজনীতি!
বার্তা ডেস্কঃ
রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির মাঝেই নতুন রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং প্রাক্তন নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে সরাসরি নিশানা করে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এই দুই আধিকারিকই বাংলার এসআইআরের ‘সবথেকে বড় কারিগর’ এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত। মহুয়ার এই তীব্র আক্রমণ ও ছবি শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
সাংসদের এই ভিত্তিহীন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মনোজ আগরওয়াল। আইনি পরামর্শ নিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, সুব্রত গুপ্তও এই কটাক্ষের জবাবে তীর্যক মন্তব্য করে জানিয়েছেন যে তাঁর এমন ‘ভাইঝি’ আছে তা তাঁর জানা ছিল না। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ঠিক আগে শুরু হওয়া এই এসআইআর প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা এখন গোটা রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।