অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা একসাথে নয়, সরকারি নির্দেশে হাতছাড়া হতে পারে টাকা!
বার্তা ডেস্কঃ
কলকাতা: অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতার সুবিধাভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। যেসকল মহিলারা এত দিন একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা—এই দুটি প্রকল্পেরই সুবিধা পাচ্ছিলেন, তাঁদের জন্য নিয়ম এবার কঠোর হতে চলেছে। রাজ্য সরকারের স্পষ্ট জানিয়ে দিয়েছে, একসাথে দুটি প্রকল্পের সরকারি অনুদান আর মিলবে না। যেকোনো একটি প্রকল্প বেছে নিতে হবে উপভোক্তাদের।
সম্প্রতি রাজ্য সরকারের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য জুড়ে। প্রতিটি জেলার জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে?
- লিখিত সম্মতি বাধ্যতামুলক: নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যেসকল উপভোক্তা বর্তমানে দুটি প্রকল্পের সুবিধাই পাচ্ছেন, তাঁদের অবিলম্বে যেকোনো একটি বেছে নিতে হবে। কেউ যদি বিধবা ভাতা ছেড়ে মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে চান, তবে তাঁকে লিখিত সম্মতি জমা দিতে হবে।
- সমর্থ পোর্টালে তথ্য আপলোড: বিধবা ভাতার যেসব উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, তাঁদের তালিকা ইতিমধ্যেই রাজ্যের ‘সমর্থ’ পোর্টালে নথিভুক্ত রয়েছে। উপভোক্তাদের পছন্দের অপশন সংগ্রহ করে অতি দ্রুত পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের দেড় কোটিরও বেশি নারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যে এতদিন বিধবা ভাতার পরিমাণ মাসে ১,০০০ টাকা থাকলেও তা সম্প্রতি বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এতদিন নজরদারির অভাবে বহু মহিলা দুটি সরকারি ভাতার সুবিধাই একসাথে পাচ্ছিলেন। তবে রাজ্য সরকারের এই নতুন কড়াকড়ির পর কেবল মাত্র একটি ভাতাই সচল থাকবে। সঠিক সময়ে বিকল্প বেছে না নিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন উপভোক্তারা।