অভিষেকের নিরাপত্তা ছাঁটাই, দায় কার? হাইকোর্টের প্রশ্নে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টের তীব্র প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র ও রাজ্য সরকার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ (Z+) নিরাপত্তা প্রত্যাহারকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বিচারপতির কড়া পর্যবেক্ষণে অস্বস্তিতে দুই পক্ষই। শুনানি শেষে সমগ্র বিষয়ে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, রাজ্যে পালাবদল ও নতুন সরকার গঠনের পর সম্পূর্ণ প্রতিহিংসামূলক মনোভাব থেকে তাঁর মক্কেলের দীর্ঘদিনের জেড প্লাস নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা ছাঁটাইয়ের ফলে একাধিক কর্মসূচিতে অভিষেকের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং সুরক্ষায় গুরুতর গাফিলতি দেখা দিয়েছে।

এর জবাবে রাজ্যের আইনজীবী জানান, গোয়েন্দা বিভাগের থ্রেট অ্যাসেসমেন্ট (হুমকির মাত্রা) পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার পরই পুলিশি সুরক্ষায় রদবদল করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রের আইনজীবী দাবি করেন, তৃণমূল সাংসদকে এই জেড প্লাস নিরাপত্তা রাজ্য পুলিশের তরফ থেকেই দেওয়া হয়েছিল, ফলে বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য পুলিশেরই এক্তিয়ারভুক্ত।

উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রশ্ন তোলেন, “একটি ছোট্ট পাথরের টুকরো শরীরের কোথাও লাগলে কতটা মারাত্মক হতে পারে, সে বিষয়ে কি আপনাদের কোনো ধারণা আছে?” এরপর কেন্দ্রের তরফে অতিরিক্ত সময় চাওয়া হলে বিচারপতি আবার জিজ্ঞেস করেন, “এই সময়ের মধ্যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, তবে তার দায় আপনারা নেবেন?”

শুনানির শেষভাগে, নিরাপত্তা পর্যালোচনার অজুহাতে জেড প্লাস ক্যাটাগরি প্রত্যাহার এবং পরবর্তীতে সাংসদের ওপর একাধিক হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে দ্রুত বিশদ রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *