জনগণনার কর্মীদের জন্য সুখবর, মিলছে ২০০ কোটি টাকা ভাতা!

বার্তা ডেস্কঃ

২০২৭ সালের বহুল প্রতীক্ষিত জনসংখ্যা ও জাতিভিত্তিক গণনার প্রস্তুতিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কাজের সঙ্গে যুক্ত ফিল্ড অফিসার ও নোডাল অফিসার সহ সর্বস্তরের কর্মীদের সাম্মানিক দিতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জনগণনা সেল থেকে মোট ১৯৭ কোটি ২০ লক্ষ ৮ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি ইলেকট্রনিক পদ্ধতিতে পৌঁছে যাবে রাজ্যের ২২টি জেলা এবং ৭টি পুর নিগমের ‘প্রধান জনগণনা আধিকারিক’-দের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। সরকারি শিক্ষক ও কর্মচারীরা নিজেদের নিয়মিত দায়িত্ব সামলেই অতিরিক্ত হিসেবে এই জরুরি প্রক্রিয়া সফল করতে কাজ করছেন।

উল্লেখ্য, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে জনগণনার দ্বিতীয় পর্ব। যেখানে মূলত জনসংখ্যা ও জাতিভিত্তিক গণনার ওপর বিশেষ নজর দেওয়া হবে। এর আগে স্কুল শিক্ষকদের ছুটির দিনে জনগণনার কাজে যুক্ত করা নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে স্কুলশিক্ষা অধিকর্তার দপ্তর সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় এবং সিদ্ধান্ত হয় যে, স্কুলের কর্মঘণ্টার মধ্যে কাজ করলেই তাঁদের ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। এই আইনি জটিলতা কেটে যাওয়ার পর অবশেষে রাজ্য সরকার কর্মীদের সাম্মানিক বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করায় কাজের প্রক্রিয়া আরও গতি পেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *