দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ, বিমানবন্দরে ধরা পড়ল বর্ধমানের ভুয়ো ডাক্তার!
বার্তা ডেস্কঃ
বর্ধমানের নবাবহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচারের পর মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ভুয়ো চিকিৎসক সাইদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, চিকিৎসকের প্রয়োজনীয় যোগ্যতা ও বৈধ নথিপত্র না থাকা সত্ত্বেও তিনি শিশুটির অস্ত্রোপচার করেন এবং তার মৃত্যুর পর আত্মগোপন করেন। ঘটনার জেরে শিশুর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে পুলিশ তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে।
তদন্তকারীদের চোখ এড়িয়ে গা ঢাকা দিতে অভিযুক্ত সাইদুল দুবাইয়ে পালিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে। সেখান থেকে ভারতে ফেরামাত্রই দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করে সেখানকার পুলিশ, পরবর্তীতে তাঁকে বর্ধমান পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর বুধবার বর্ধমান থানায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অনভিপ্রেত এই ঘটনাটি স্থানীয় চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা ও ভুয়ো চিকিৎসকদের তাণ্ডব নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।