২৫ বছর প্রশাসনিক দায়িত্বে! বিশেষ দিনে কোন মন্দিরে পুজো দিলেন মোদী?

বার্তা ডেস্কঃ

প্রশাসক হিসেবে টানা ২৫ বছরের ঐতিহাসিক রাজনৈতিক যাত্রা পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনটিতে বুধবার নয়াদিল্লির সরোজিনী নগরের শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। এ দিন ভগবান গণেশের কাছে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে তাঁর প্রশাসনিক জীবনের এই দীর্ঘ পথচলা শুরু হয়েছিল। ২০১৪ সালের মে মাস পর্যন্ত ওই পদে থাকার পর তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং তারপর থেকে অবিচ্ছিন্নভাবে সেই দায়িত্ব পালন করে চলেছেন।

প্রধানমন্ত্রীর এই গৌরবান্বিত রজতজয়ন্তী পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গুজরাটের বডনগর থেকে বারাণসী পর্যন্ত ‘সেবা সংকল্প যাত্রা’ নামে একটি বিশেষ মোটরসাইকেল র‍্যালি আজ বারাণসীতে পৌঁছানোর কথা রয়েছে। এই উদযাপনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। পাশাপাশি, বারাণসীর ‘নমো বুক ফেস্ট’-এ জাপানের প্রাক্তন ফার্স্ট লেডি আকি আবের উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠান হতে চলেছে, যা এই দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *