অবসর পিছিয়ে আরও ৬ মাস, রাজ্য পুলিশপ্রধান সিদ্ধনাথের মেয়াদ বৃদ্ধি!
বার্তা ডেস্কঃ
কলকাতা: রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ ফের ছ’মাস বাড়াল কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ অক্টোবর তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সুপারিশে আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত তাঁকে এই পদেই বহাল রাখা হচ্ছে।
চলতি বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে তৎকালীন ডিজিপি পীযূষ পাণ্ডেকে সরিয়ে ১৯৯২ ব্যাচের আইপিএস কর্মকর্তা সিদ্ধনাথ গুপ্তকে রাজ্যের পুলিশপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। গত ৩০ এপ্রিল তাঁর স্বাভাবিক অবসরগ্রহণের কথা থাকলেও, নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত না হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রথম দফায় তাঁর চাকরির মেয়াদ ছ’মাস বাড়িয়ে দিয়েছিল।
আগামী ৩১ অক্টোবর সেই বর্ধিত মেয়াদের সময়সীমা পূর্ণ হওয়ার কথা থাকায় পরবর্তী ডিজিপি কে হবেন, তা নিয়ে প্রশাসনিক অলিন্দে জোর জল্পনা শুরু হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে সম্ভাব্য অফিসারদের নামের একটি তালিকাও দিল্লিতে পাঠানো হয়েছিল। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি (ACC) স্বরাষ্ট্র মন্ত্রকের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে চূড়ান্ত সম্মতি প্রদান করে।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থের কথা বিবেচনা করে ১৯৫৮ সালের ‘অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিটস) বিধি’ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী বছরের এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ প্রশাসনিক ব্যাটন সিদ্ধনাথ গুপ্তের হাতেই থাকছে।