৪৬ লাখ ভোটারের ভাগ্য বদল, নির্বাচন কমিশনের ঐতিহাসিক সিদ্ধান্ত!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় তোলার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী একটি বিজ্ঞপ্তি জারি করে এই প্রক্রিয়ার সূচনা করেন। এসআইআর প্রক্রিয়ায় অনুপস্থিত, স্থানান্তরিত বা মৃত (এএসডি) হিসেবে চিহ্নিত প্রায় ৪৬ লক্ষ ২০ হাজার ভোটারের নাম বাদ পড়ার তালিকার অন্তর্ভুক্ত ছিল। ক্ষতিগ্রস্ত যোগ্য নাগরিকরা এখন অনলাইনে সিইও-র ওয়েবসাইটের তথ্য যাচাই করে কিংবা স্থানীয় বিএলও-র কাছে ৬ নম্বর ফর্ম জমা দিয়ে তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানাতে পারবেন।
এর পাশাপাশি, যাঁরা নতুন ভোটার অর্থাৎ সম্প্রতি ১৮ বছর পূর্ণ করেছেন, তাঁরাও অফলাইন বা অনলাইনের মাধ্যমে প্রথমবার নাম তোলার আবেদন জানাতে পারবেন। তবে এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ নিয়ে এখনও চূড়ান্ত কোন সময়সীমা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। অন্যদিকে, ট্রাইব্যুনালে আটকে থাকা ২৭ লক্ষ ১৬ হাজার বিচারাধীন ভোটারের আবেদনের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে পৃথকভাবে কাজ করছে। যোগ্য নাগরিকদের তালিকাভুক্ত করে নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখাই কমিশন ও রাজ্য সিইও দপ্তরের মূল লক্ষ্য।