বাজারে ঢুকলেই বদলে যাবে অভিজ্ঞতা, নোংরা-জলাজট দূর করতে কী বললেন অগ্নিমিত্রা পাল!
বার্তা ডেস্কঃ
ঠেলাঠেলি, জমা জল আর তীব্র যানজট—শহরের বাজারগুলোর বর্তমান পরিস্থিতি একপ্রকার বিভীষিকাময় রূপ নিয়েছে। সাধারণ মানুষের এই দুর্ভোগ দূর করতে এবার বড় আশ্বাস দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, শহরের বাজারগুলির ভোল আমূল বদলে ফেলা হবে, যাতে কেনাকাটা করতে এসে ক্রেতারা এক চমৎকার ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতার মুখোমুখি হন। মন্ত্রী আরও জানান, শহরকে প্লাস্টিকমুক্ত রাখতে বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে, যেখানে প্লাস্টিকের বোতল ফেললেই পরিবেশবান্ধব ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে দ্রুত নির্মাণ করা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক শৌচালয়।
বিগত সরকারের জলাশয় বুজিয়ে বহুতল নির্মাণের নীতির সমালোচনা করে মন্ত্রী স্পষ্ট করেন, বর্তমান সরকারের লক্ষ্য জলাশয় রক্ষা করে খেলাধুলোর মাঠ তৈরি করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলেও বার্তা দেন তিনি। বিভিন্ন নজরদারি অভিযানের কারণে ট্রোলের শিকার হলেও নিজের অবস্থানে অনড় থেকে মন্ত্রী বলেন, থামার কোনো প্রশ্নই নেই। তবে শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতা এবং সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।