কেএমসি-তে ডিএ বঞ্চনার শিকার বহু পেনশনভোগী, ক্ষোভে ফুঁসছেন কর্মীরা!
বার্তা ডেস্কঃ
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে অগাস্ট মাস থেকে কলকাতা পুরসভা (কেএমসি) এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পেতে শুরু করলেও, এখনও পর্যন্ত এক বিরাট অংশ তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত। প্রাথমিক ধারণা ছিল সেপ্টেম্বর মাসের মধ্যেই সকল পেনশনভোগী বকেয়া টাকা পেয়ে যাবেন, কিন্তু ব্যাংকগুলির গাফিলতি ও দীর্ঘসূত্রিতার কারণে বহু মানুষের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত একটি টাকাও ঢোকেনি। ফলে তীব্র দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রবীণ নাগরিকরা।
এই পরিস্থিতিতে সমস্ত বকেয়া দ্রুত মেটানোর আর্জি জানিয়ে ফের সোচ্চার হয়েছে ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন ‘কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ’। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে জানান, কেএমসি এলাকার মোট ১১টি ব্যাংকের আওতাধীন ৪১,৯৭৭ জন পেনশনভোগীর মধ্যে ১ অক্টোবর পর্যন্ত মাত্র ২১,৭৮৬ জন ৬০৫ পয়েন্ট হিসেবে বকেয়া ডিএ হাতে পেয়েছেন।
অর্ধেকেরও বেশি পেনশনভোগী এখনও বকেয়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মলয়বাবু প্রশ্ন তোলেন, “বাকিদের কী দোষ? কেন তাঁদের আজও দেওয়া হচ্ছে না? অনতিবিলম্বে বাকিদের বকেয়া মেটাতে হবে।”
যদিও সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে কেএমসি এলাকায় বসবাসকারী প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মীই আজ অথবা কাল এই বকেয়া ডিআর পাবেন, তবুও যাঁদের টাকা আটকে রয়েছে তাঁদের অ্যাকাউন্টে যেন অতি দ্রুত অর্থ জমা হয়—সেই দাবিতেই এখন সরগরম রাজ্য রাজনীতি ও সরকারি কর্মচারী মহল।