ব্যারিকেড টপকেও আটক, দিল্লির রাজপথে রাহুল-প্রিয়াঙ্কার হাইভোল্টেজ ড্রামা!

বার্তা ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল। মল্লিকার্জুন খড়্গের আহ্বানে বৈঠকের পর রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র সহ বিরোধী সাংসদরা যন্তরমন্তরের দিকে রওনা হলে পুলিশ তাঁদের পথে বাধা দেয়। ১৬৩ ধারা জারির অজুহাতে ব্যারিকেড দিলে রাহুল গান্ধী ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন, এমনকি প্রিয়ঙ্কা গান্ধীকে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। এই সময় পুলিশের সঙ্গে চরম তর্কাতর্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং বিরোধী নেত্রীদের আঘাত পাওয়ার অভিযোগ ওঠে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী সহ বিরোধী সাংসদদের আটক করে পুলিশ বাসে তুলে ছত্রশাল স্টেডিয়াম ও বারাখাম্বা রোড থানায় নিয়ে যায়। বাসের চাকা ফুটো করে দিয়ে আন্দোলন রোখার চেষ্টা করেন ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশনের আঁতাঁতেই গণতন্ত্র ধ্বংস হচ্ছে। প্রায় দুই ঘণ্টা আটক রাখার পর সব বিরোধী নেতা-সাংসদদের মুক্তি দেওয়া হয়। তবে পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়া জোট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *