স্টারলিঙ্ক নিয়ে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, মাস্কের অভিযোগের পাল্টা জবাব!

বার্তা ডেস্কঃ

ভারতের বাজারে স্টারলিঙ্ককে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তাঁর দাবি, একচেটিয়া আধিপত্য বজায় রাখতে কিছু নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী এই অন্তরায় সৃষ্টি করছে। তবে মাস্কের এই চাঞ্চল্যকর অভিযোগ কড়া ভাষায় খারিজ করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক সাফ জানিয়েছে, ভারতের টেলিকমিউনিকেশন ও স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার জন্য একটি সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য এবং বৈষম্যহীন নিয়ন্ত্রক কাঠামো রয়েছে। গ্রাহক ও ডেটা সুরক্ষার স্বার্থেই এই নিয়মগুলি পালন করা হয়।

টেলিযোগাযোগ মন্ত্রক আরও জানিয়েছে, জিএমপিসিএস বা অন্যান্য প্রয়োজনীয় অনুমোদনের জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই কাজ করতে হয়। স্টারলিঙ্কের পাশাপাশি রিলায়েন্স জিয়ো এবং ওয়ানওয়েবও এই অনুমোদন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত রয়েছে। শর্ত সাপেক্ষে প্রতিটি সংস্থাকে সুরক্ষা সংক্রান্ত নিয়ম যাচাইয়ের দীর্ঘ ধাপ পার করতে হয়। বর্তমানে লাইসেন্সধারী বিভিন্ন সংস্থার সুরক্ষা যাচাইয়ের কাজ নিয়মমাফিক চলছে। সবমিলিয়ে, সরকারের স্বচ্ছ নীতিকে পাশ কাটিয়ে মাস্কের তোলা বৈষম্যমূলক ও অন্যায্য ধারণার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল বলে স্পষ্ট করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *