মাসুদ আজহারকে নিয়ে পাকিস্তানের নতুন নাটক! রাষ্ট্রসংঘের মঞ্চে বিস্ফোরক ভারত

বার্তা ডেস্কঃ

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় পাকিস্তানকে তীব্র আক্রমণে বিদ্ধ করল ভারত। জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে পাকিস্তানের পুরস্কার ঘোষণার পদক্ষেপকে নিছক ‘নাটক’ বলে তোপ দেগেছে নয়াদিল্লি। বুধবার ‘রাইট অফ রিপ্লাই’ বা জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব রঘু পুরি স্পষ্ট জানান, কেবল বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। পাকিস্তান সন্ত্রাসবাদে নিজেদের রাষ্ট্রীয় মদতের বিষয়টি ঢাকা দিতেই এসব পদক্ষেপের অজুহাত দিচ্ছে। ভারত মনে করিয়ে দেয়, ২৬/১১ মুম্বই হামলা কিংবা পহেলগাঁও আক্রমণের নৃশংসতার কথা বিশ্ববাসী মোটেই ভুলে যায়নি।

অন্যদিকে, ভারতকে সীমান্তপারের সন্ত্রাস থেকে সুরক্ষার পূর্ণ অধিকারের কথা পুনর্ব্যক্ত করে শক্ত বার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের ষষ্ঠ কমিটিতে। সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদল ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-কেও কড়া বার্তা দিয়ে অপরাধী ও ভুক্তভোগীকে এক দৃষ্টিতে না দেখার আহ্বান জানায়। ভারতের স্পষ্ট অবস্থান, যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের উপযুক্ত পরিণাম ভোগ করতেই হবে। পাকিস্তানকে তাদের তৈরি ‘ফ্রাঙ্কেনস্টাইন দানব’-এর বিষময় পরিণাম ভোগ করার পাশাপাশি প্রতিবেশীদের ওপর আক্রমণ বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *