হাজার পঞ্চায়েতে থমকে কাজ, নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার!

বার্তা ডেস্কঃ

‘ভিবি জি রামজি’ অর্থাৎ ‘১২৫ দিনের কাজ’ প্রকল্পে কাজের গতি বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জুলাই মাসে চালু হওয়া এই প্রকল্পে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ায় এবার বিশেষ পদক্ষেপ করছে পঞ্চায়েত দপ্তর। রাজ্যের মোট ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চিহ্নিত করা প্রায় ১,০০০টি ‘দুর্বল’ পঞ্চায়েতের প্রশাসনিক জটিলতা কাটাতে মেন্টর নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ার বিভিন্ন পিছিয়ে থাকা পঞ্চায়েতকে এই বিশেষ নজরদারির আওতায় আনা হচ্ছে।

মূলত পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি বা অন্যান্য স্থানীয় সমস্যার কারণে যে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটছিল, তা দূর করতেই এই পরিকল্পনা। পঞ্চায়েত দপ্তরের নির্দেশে সংশ্লিষ্ট জেলার আইএসজিপি সেল থেকে আধিকারিকদের মেন্টর হিসেবে যুক্ত করা হবে, যারা সরাসরি ব্লক ও পঞ্চায়েত অফিসে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। তারা সমস্যার মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ বের করবেন এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। সরকারের আশা, এই সুনির্দিষ্ট তদারকির মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে পিছিয়ে থাকা এলাকাগুলিতে প্রকল্পের কাজে গতি আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *