পুজোর মুখে চরম দুর্যোগ, দক্ষিণবঙ্গের চার জেলায় জারি কমলা সতর্কতা!
বার্তা ডেস্কঃ
পুজোর আবহেই ফের বঙ্গে বৃষ্টির কালো মেঘের ভ্রুকুটি দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা—এই চার জেলায় বিশেষ কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বইতে পারে।
পশ্চিমবঙ্গ থেকে এখনও পুরোপুরি বর্ষা বিদায় না নেওয়ায় বাতাসে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প বজায় রয়েছে। এর জেরে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে।শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে।তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার থেকে রাজ্যে ফের মূলত শুষ্ক আবহাওয়া ফিরতে পারে এবং রবিবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে।