কলকাতার পানীয় জল সংকট নিয়ে সরাসরি রাষ্ট্রসঙ্ঘের দরবারে তৃণমূল সাংসদ!
বার্তা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার একটি সংখ্যালঘু অধ্যুষিত কলোনিতে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই গুরুতর পরিস্থিতির দ্রুত হস্তক্ষেপ দাবি করে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি শেয়ার করে তিনি দাবি করেছেন, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা মুসলিম হওয়ার কারণেই তাঁদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
চিঠিতে সামিরুল ইসলাম উল্লেখ করেছেন, পানীয় জলের এই সঙ্কটকে শুধুমাত্র সাধারণ নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা হিসেবে দেখা চলে না। নিরাপদ জল ও স্যানিটেশনের অধিকার মানুষের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। বিশুদ্ধ জলের অভাবে হাজার হাজার মানুষের স্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কলোনির বাসিন্দাদের নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য ও পদক্ষেপের আর্জি জানিয়েছেন এই তৃণমূল সাংসদ।