পুজোর আগেই সুখবর, শিয়ালদহ ডিভিশনে চালু নতুন ট্রেন ও অতিরিক্ত স্টপেজ!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর প্রাক্কালে শহরতলির যাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক করতে বড়সড় উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। দীর্ঘদিনের যাত্রী চাহিদার কথা মাথায় রেখে পরীক্ষামূলকভাবে একাধিক অতিরিক্ত ট্রেন পরিষেবা এবং নতুন স্টপেজ চালুর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শান্তিপুর ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে ট্রেনের সংখ্যা বাড়িয়ে এক জোড়া থেকে দুই জোড়া করা হয়েছে, যা নিত্যযাত্রী ও পড়ুয়াদের জন্য অত্যন্ত সহায়ক হবে। পাশাপাশি, কর্মস্থল থেকে দেরিতে ফেরা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ও বজবজ শাখায় বিশেষ গভীর রাতের ইএমইউ পরিষেবা চালু করা হয়েছে।
এরই পাশাপাশি, শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন সেকশনের বাদকুল্লা স্টেশনে চারটি এসি ইএমইউ লোকালের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের পরিবর্তিত ও ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা রূপায়ন করা হয়েছে। আসন্ন পুজোর মরশুমে এই সমস্ত নতুন পরিষেবা চালু হওয়ার ফলে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও নির্দিষ্ট সময়ে দৈনন্দিন গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।