ইউপিআই লেনদেনে কি ফিরছে আগের স্বস্তি?
বার্তা ডেস্কঃ
২ হাজার টাকার বেশি ইউপিআই (UPI) লেনদেনে ০.৪ শতাংশ ফি আরোপের সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরির পর অবশেষে পিছু হটার ইঙ্গিত দিল কেন্দ্র। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে আসন্ন উৎসবের মরশুমে কেনাকাটা ও লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এবং বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়ে এই পরিকল্পনা স্থগিত রাখার কথা ভাবছে মোদি সরকার। সূত্রের খবর, ইউপিআই লেনদেনে আপাতত কোনো ফি লাগবে না এবং ডিজিটাল লেনদেনের সুবিধা আগের মতোই বহাল থাকবে।
এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ডিজিটাল লেনদেন কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলির শেয়ার দর এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে। মূলত বাদল অধিবেশনে পাশ হওয়া ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এর সংশোধনীর ওপর ভিত্তি করে এই নতুন চার্জ বসানোর কথা বলা হয়েছিল। তবে ব্যবসায়ীদের নগদ লেনদেনে ফিরে যাওয়ার প্রবণতা এবং সমীক্ষার রিপোর্টে ৭৫ শতাংশেরও বেশি ব্যবহারকারী অনলাইন পেমেন্ট ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়ায় সরকার এই পদক্ষেপ পুনর্মূল্যায়ন করার পথ বেছে নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে উৎসব ও বিয়ের মরশুম শেষে আগামী বছরের শুরুতে এই নিয়ম চালুর সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।