সঞ্চয় থেকে স্বপ্নপূরণ, ৩০০ মহিলার উদ্যোগে সপ্তগ্রামে প্রথম দুর্গাপুজো!

বার্তা ডেস্কঃ

সপ্তগ্রাম বিধানসভার পোলবা-দাদপুর ব্লকের হারিট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়ায় অন্নপূর্ণা যোজনার প্রাপ্ত টাকায় দুর্গাপুজোর আয়োজন করলেন গ্রামের মহিলারা। এই উপলক্ষে প্রায় ৩০০ জন মহিলা একত্রিত হয়ে ‘দক্ষিণপাড়া অন্নপূর্ণা দুর্গাপুজো কমিটি’ গঠন করেছেন।

বর্তমানে অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পান। সেই অর্থ সঞ্চয় করেই নিজেদের গ্রামে প্রথম দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। উদ্যোক্তাদের মধ্যে সন্ধ্যা আইচ জানান, প্রতিমা আনা থেকে শুরু করে দশমীর বিসর্জন— পুজোর সমস্ত কাজই সামলাবেন মহিলারা। এবার আর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তাঁদের অন্য পাড়ায় যেতে হবে না।

রবিবার মহালয়া, তাই চারিদিকে এখন সাজো সাজো রব। ইতিমধ্যেই বৃহস্পতিবার সাড়ম্বরে খুঁটি পুজো সম্পন্ন করেছেন কমিটির সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষ। তিনি মহিলাদের পাশে থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই অভিনব উদ্যোগের জন্য উদ্যোক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করবেন।

উল্লেখ্য, এর আগে হুগলির পাণ্ডুয়ার গোয়ারা গ্রামের ৬০ জন গৃহবধূ এবং নদিয়ার শান্তিপুরের বাগদিয়া এলাকাতেও মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে দুর্গাপুজোর আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার সেই একই অনুপ্রেরণায় দুর্গাপুজোয় মাতল সপ্তগ্রাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *