পুজোর আগেই কি বদলাচ্ছে ইউপিআই পেমেন্টের নিয়ম? ২ হাজারের বেশি লেনদেনে বড় স্বস্তির খবর!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজো ও আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে কি ইউপিআই লেনদেনে নতুন চার্জ বসানোর সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হচ্ছে? সূত্রের খবর, ২,০০০ টাকার বেশি ব্যবসায়িক ইউপিআই পেমেন্টে আগামী ১৫ অক্টোবর থেকে ০.৪ শতাংশ এমডিআর বা মাশুল চালু করার কথা থাকলেও, তা স্থগিত রাখার বিষয়ে জোরালো ভাবনাচিন্তা শুরু হয়েছে। উৎসবের দিনগুলিতে গ্রাহক ও ব্যবসায়ীদের স্বস্তি দিতে এবং পেমেন্ট পরিকাঠামো আরও মজবুত করতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মনে রাখা প্রয়োজন, ব্যক্তিগত লেনদেনের উপরে এই মাশুলের কোনও প্রভাব পড়বে না।

এই নতুন কাঠামো কার্যকর হওয়ার সময়সীমা পিছিয়ে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত করা হতে পারে বলে জল্পনা চললেও, এখনও পর্যন্ত ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী দু’দিনের মধ্যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে। ফলে পুজোর মুখে ইউপিআই লেনদেনের নিয়মে কোনো বদল আসছে কিনা, তা জানতে দেশবাসীর নজর এখন সরকারি ঘোষণার দিকেই রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *