একটি ইমেইলের ভুলেই চিনের হাতে আমেরিকার গোপন যুদ্ধবিমানের চাবি!
বার্তা ডেস্কঃ
আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চিনের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কায় তীব্র শোরগোল শুরু হয়েছে। অস্ট্রেলিয়া থেকে সান ফ্রান্সিসকো অভিমুখে রওয়ানা হওয়া এই সংবেদনশীল সামরিক সরঞ্জাম দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান হয়ে পৌঁছানোর কথা ছিল। তবে রওনা দিতে দেরি হওয়ায় শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করা হয়। নির্মাণকারী সংস্থা লকইড মার্টিনের প্রতিনিধিরা ইমেল বার্তায় নির্দিষ্ট কিছু দেশ এড়িয়ে চলার কড়া সতর্কতা দিয়েছিলেন। কিন্তু পরিবহণকারী বিমান সংস্থার কর্মীরা ভিন্ন আইটি সিস্টেম ব্যবহার করায় ওই গুরুত্বপূর্ণ ইমেলটি নজর এড়িয়ে যায়। ফলে ভুলবশত চালানের শিপমেন্টটি হংকংয়ে পৌঁছে যায়।
হস্তগত হওয়া ককপিট ক্যানোপি এবং ওয়েপন-বে ডোরে বিশেষ ‘কোটিং’ রয়েছে, যা এই বিমানকে রেডার ফাঁকি দেওয়ার অনন্য শক্তি জোগায়। আমেরিকা অত্যন্ত সতর্কতার সাথে এই প্রযুক্তি গোপন রাখলেও, তা চিনের হাতে পড়ায় পেন্টাগনের সামরিক পরিবহণ ব্যবস্থার ব্যাপক ত্রুটি সামনে এসেছে। মার্কিন আধিকারিকদের ধারণা, এই অভাবনীয় সুযোগ পেয়ে চিন ইতিমধ্যে প্রযুক্তির রহস্যভেদ ও তা মোকাবিলার উপায় বের করতে তৎপর হয়ে উঠেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।