পুজোর আগেই সুখবর, রাস্তার সমস্যার সমাধান এখন হাতের মুঠোয়!

বার্তা ডেস্কঃ

কলকাতা: দুর্গাপূজার আগে রাজ্য জুড়ে বেহাল রাস্তা দ্রুত সংস্কার এবং কাজের স্বচ্ছতা বাড়াতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। রাস্তা নির্মাণ ও মেরামতের প্রতিটি তথ্যে সাধারণ মানুষের নজরদারি নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে ‘পথ নির্মাণ’ অ্যাপ এবং একটি নতুন ওয়েব পোর্টাল।

এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো পুরসভা এলাকায় রাস্তার সংস্কার কাজের বিস্তারিত তথ্য জানা যাবে। প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে, কোন সংস্থা কাজের টেন্ডার বা বরাত পেয়েছে এবং কাজের অগ্রগতি কতদূর—সবই থাকবে জনসমক্ষে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের তিন সেটের ছবি পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।

উৎসবের সময়ে সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে এই অ্যাপে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। নিজের এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষ সরাসরি অ্যাপে সেই জায়গার ছবি তুলে প্রশাসনের কাছে পাঠাতে পারবেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় রাস্তার কাজে বিঘ্ন ঘটেছিল। তবে পুজোর আগেই কাজ সম্পূর্ণ করতে ‘কুইক ফিক্স’-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত মেরামতের কাজ চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে অ্যাপ ও ওয়েব পোর্টালের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে পরিষেবা পুরোদমে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *