পুজোর আগেই সুখবর, ২০% বর্ধিত ডিএ-সহ মিলবে আগাম বেতন!

বার্তা ডেস্কঃ

আসন্ন দুর্গাপুজোর আবহেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য চলে এল বড় সুখবর। মহালয়ার পর থেকেই যখন বাংলা জুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই পুজোর কেনাকাটা ও আনুষঙ্গিক খরচ সামলাতে কর্মচারীদের হাতে আগাম টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের নির্দেশে চলতি মাসেই পুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়ার আগেই মিলবে বেতন, পেনশন এবং বর্ধিত মহার্ঘ ভাতা (DA)।

মালদার মানিকচকে আয়োজিত এক সভা থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানানো হয়, আগামী ১৬ অক্টোবরের মধ্যেই ২০ শতাংশ বর্ধিত ডিএ-সহ পুরো মাসের বেতন পৌঁছে যাবে কর্মীদের অ্যাকাউন্টে। নবান্ন থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, ১৫ অক্টোবরের মধ্যেই এই অর্থ জমা করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, নতুন বাজেটে ঘোষিত ২০ শতাংশ বৃদ্ধি ধরে রাজ্য সরকারি কর্মীরা এবার মোট ৩৮ শতাংশ হারে ডিএ পেতে চলেছেন, যা গত ১ অক্টোবর থেকেই কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শুধু বর্তমান কর্মীরাই নন, সমপরিমাণ আর্থিক সুবিধা পাবেন পেনশন ও ফ্যামিলি পেনশনপ্রাপকরাও।

এ বছর ১৬ অক্টোবর পড়েছে দুর্গাপূজার ষষ্ঠী। উৎসবের দিনগুলিতে কর্মী ও তাঁদের পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই নবান্ন আগাম বেতন ও বর্ধিত ডিএ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। শারদোৎসবের মুখেই এই আর্থিক সুসংবাদে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *