মোহন ভাগবতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, তুঙ্গে রাজনৈতিক জল্পনা!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে তিন দিনের রাজ্য সফরে বর্ধমানে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।বৃহস্পতিবার বর্ধমানের উল্লাস উপনগরীতে মধ্যবঙ্গ প্রান্তের কার্যালয়ে শুরু হয়েছে সঙ্ঘের সাংগঠনিক ‘একত্রীকরণ’ কর্মসূচি। রাজ্যে সংগঠনের শাখা সংখ্যা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য পূরণের অগ্রগতি এবং সামাজিক জনসংযোগের কাজের পর্যালোচনায় একাধিক রুদ্ধদ্বার বৈঠক করেছেন সঙ্ঘ প্রধান। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্তরের পদাধিকারীদের উপস্থিতিতে এই বৈঠকগুলোতে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সফরের প্রথম দিনেই রাতে বর্ধমানের ওই কার্যালয়ে মোহন ভাগবতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মালদা সফর সেরে সরাসরি সঙ্ঘ কার্যালয়ে পৌঁছে প্রায় এক ঘণ্টা সঙ্ঘ প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। শতবর্ষ উদযাপনের প্রাক্কালে সঙ্ঘের এই বর্ধমান সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শুক্রবারও দিনভর একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে সঙ্ঘ প্রধানের। শনিবার তাঁর কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে।