মাত্র ১০ টাকায় পুজোর নতুন জামা! জলহাটিতে খুশির জোয়ার
বার্তা ডেস্কঃ
শারদীয়ার আনন্দ সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে জলহাটিতে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। দুর্গাপুজোয় নতুন পোশাক কেনার সামর্থ্য যাঁদের নেই, তাঁদের কথা মাথায় রেখেই মাত্র ১০ টাকার বিনিময়ে নতুন জামাকাপড় তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিজেপি কর্মী জয় সাহার বিশেষ উদ্যোগে জলহাটির এইচবি (HB) টাউনে পথ চলা শুরু করল ‘নমো-মল’। বৃহস্পতিবার এই মলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
জলহাটি অঞ্চলে এই ধরনের উদ্যোগ এই প্রথম। আর্থিক অনটনের কারণে পুজোয় নতুন জামা পরার স্বপ্ন যাঁদের কাছে অধরা থেকে যায়, তাঁরা এখন নামমাত্র ১০ টাকার বিনিময়ে নিজেদের পছন্দের পোশাক কিনে নিতে পারবেন এখান থেকে।
উদ্যোক্তা জয় সাহা জানিয়েছেন, প্রাথমিকভাবে ১০ হাজার দুস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে মানুষের উপস্থিতি ও চাহিদা বাড়লে, পরবর্তীতে আরও বেশি মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। জানা গিয়েছে, এই ‘নমো-মল’ আগামী রবিবার পর্যন্ত খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি কেবল নির্বাচনের সময়ই নয়, বরং সারা বছরই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে।” তিনি আরও যোগ করেন, একা আনন্দ উপভোগ করার মধ্যে কোনো সার্থকতা নেই, সবাইকে সঙ্গে নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াতেই প্রকৃত সুখ। মানুষের সেবার এই শিক্ষাই তাঁরা ছোটবেলা থেকে পেয়ে এসেছেন বলে জানান তিনি।
মাত্র ১০ টাকায় পুজোর নতুন জামা পাওয়ার এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এলাকার সাধারণ ও দুস্থ মানুষজন। এক সুবিধাভোগী বিস্ময় প্রকাশ করে বলেন, “এত কম টাকায় নতুন জামা পাওয়া যাবে, তা স্বপ্নেও ভাবিনি!” সব মিলিয়ে, উৎসবের মরশুমে জলহাটির এই উদ্যোগ বহু মানুষের মুখে হাসি ফোটাতে সফল হয়েছে।