নন্দীগ্রামে ইতিহাস হাসিরানির, শুভেন্দুর রেকর্ড ভেঙে পদ্ম শিবিরের জয়!
বার্তা ডেস্কঃ
নন্দীগ্রাম উপনির্বাচনে সব রেকর্ড ভেঙে এক অভূতপূর্ব জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। প্রায় ১ লক্ষ ২০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি ছাপিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারীর ২০১৬ সালের প্রায় ৮২ হাজার ভোটের ব্যবধানকেও। ভোটের ফলাফলে শুভেন্দুর পুরোনো রেকর্ড ভাঙার এই বার্তা স্পষ্ট হতেই দলীয় কার্যালয় ও সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ খেলে যায়। এক সাংবাদিক সম্মেলনে বিজয়ী প্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের মানুষের কাছে তিনি হাসিরানিকে তাঁর চেয়েও বেশি ভোটে জয়ী করার যে আর্জি জানিয়েছিলেন, জনগণ সেই আর্জিতে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
গণনা শুরুর সময় থেকেই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী হাসিরানি রথ জানান, তাঁদের মূল লক্ষ্যই ছিল জয়ের ব্যবধানকে আরও বাড়িয়ে নেওয়া। এই বিশাল জয়ের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য সরকারের উন্নয়নের বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি, উপনির্বাচনের ফলাফলে সংখ্যালঘুদের একাংশের সমর্থন বিজেপির দিকে আসার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে দাবি করেন নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর মতে, বিজেপিকে নিয়ে বিরোধীদের তৈরি করা ভুল ধারণা ভেঙে গিয়েছে এবং গত কয়েক মাসের ইতিবাচক কাজ দেখে মুসলিম ভোটারদের একটি বড় অংশও এখন পদ্ম শিবিরের উন্নয়নের মূলধারায় আস্থা রাখছেন।