যন্তর মন্তর কি সরছে! সুপ্রিম কোর্টের কড়া বার্তায় নয়া মোড় মেট্রো বিতর্কে
বার্তা ডেস্কঃ
রাজধানীর প্রধান প্রতিবাদস্থল যন্তর মন্তরের বিকল্প স্থান খোঁজার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। নাগরিকরা যাতে গণতান্ত্রিক অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয়, তার জন্য উন্নত সুযোগ-সুবিধাযুক্ত বড় স্থান চিহ্নিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনায়ের বেঞ্চ জানিয়েছে, বিকল্প স্থানে পানীয় জল, শৌচাগার ও জরুরি চিকিৎসার মতো মৌলিক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। দিল্লি পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত উপযুক্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
অন্যদিকে, আগামী ১০ অক্টোবরের আন্দোলনকে কেন্দ্র করে মেট্রো ও গণপরিবহন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে বেঞ্চ প্রশ্ন তোলে, নিরাপত্তার অজুহাতে কোটি কোটি সাধারণ মানুষকে যাতায়াত ও জরুরি পরিষেবা থেকে বঞ্চিত করা অনুচিত। আদালতের এই পর্যবেক্ষণের পর কেন্দ্র ও পুলিশ প্রশাসনকে গণপরিবহন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।