বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, শুভেন্দুর হুঙ্কারে উত্তাল রাজ্য!
বার্তা ডেস্কঃ
আইনজীবী তথা প্রবীণ রাজনৈতিক নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা এবং তা নিয়ে সমাজমাধ্যমের এক পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে ঘটনার চরম নিন্দা জানিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে পোস্টটির শব্দচয়ন নিয়ে আপত্তি তুলে বিকাশরঞ্জনের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ মোটরবাইকে এসে কয়েকজন দুষ্কৃতী বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছুড়ে মারে। এতে জানলার কাচ ভেঙে যায় এবং অল্পের জন্য রক্ষ পান তাঁর বাড়ির পরিচারিকা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বাপ্পা গুচ্ছাইত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী জানান, অপরাধীকে দ্রুত চিহ্নিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। যেকোনো নাগরিক বা আইনজীবীর বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট করেন।
বিতর্কের সূত্রপাত বিকাশরঞ্জনের সমাজমাধ্যমের পোস্ট ঘিরে, যেখানে তিনি হামলাকারীদের ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ বলে আখ্যা দেন। এই শব্দবন্ধে তীব্র আপত্তি জানিয়ে শুভেন্দু দাবি করেন, এর মাধ্যমে সাধারণ হিন্দু সমাজকে অপমান করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় গড়ফা ও কসবা থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার (BNS) নির্দিষ্ট ধারায় এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর ওই পোস্টটি সংশোধন না করলে, কলকাতা পুলিশের মাধ্যমে সেটি সরানোর জন্য সংশ্লিষ্ট সমাজমাধ্যম কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে। একদিকে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার এবং অন্যদিকে বিতর্কিত পোস্ট ঘিরে এফআইআরের নির্দেশ—এই জোড়া ইস্যুতে আপাতত উত্তপ্ত রাজনৈতিক মহল।