বিদেশের মাটিতে বাঙালির মহা উৎসব, শতবর্ষে কাদের শ্রদ্ধা জানাচ্ছে এই পুজো?

বার্তা ডেস্কঃ

আমেরিকার নিউ জার্সির গার্ডেন স্টেট পুজো কমিটির ৪৫তম দুর্গোৎসব প্রবাসের মাটিতে ফুটিয়ে তুলছে একান্নবর্তী পরিবারের উষ্ণতা। হেলেন কেলারের স্মৃতিধন্য জার্সি সিটির ডিকিনসন হাই স্কুলে আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা এই পুজোয় এবার বিশেষ শ্রদ্ধা জানানো হবে জন্মশতবর্ষে পা রাখা বাঙালির তিন আইকন—মহানায়ক উত্তমকুমার, কবি সুকান্ত ভট্টাচার্য এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবীকে। নাচে, গানে ও বিশেষ নাটকের মাধ্যমে প্রবাসের পরবর্তী প্রজন্মের কাছে তাঁদের অমর সৃষ্টি তুলে ধরার জোর প্রস্তুতি চলছে।

শুধু সাংস্কৃতিক আয়োজনই নয়, এই পুজোর মূল আকর্ষণ ৮০ ফুট দীর্ঘ সুদৃশ্য ঠাকুরদালান এবং সাবেকি বাগবাজারি রূপের ফাইবার নির্মিত প্রতিমা। সপ্তাহান্তের এই উৎসবে অনিন্দ্য বোস, শুভমিতা ও অনির্বাণ ভট্টাচার্যের মতো শিল্পীদের পাশাপাশি স্থানীয় বাঙালিরাও মেতে উঠবেন আনন্দে। এছাড়া, পুজোর আনন্দকে দুস্থ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতার অনাথ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের গদাধর পাঠশালায় আর্থিক সহায়তা করা হয়, যা এই আয়োজনকে করে তোলে আরও অর্থপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *