পাঁচ যুগের স্বাদে হল্যান্ডে জমজমাট বাঙালির শারদীয়া!
বার্তা ডেস্কঃ
প্রবাসের মাটিতে বাঙালিয়ানার ছোঁয়ায় দশ বছর পূর্ণ করল নেদারল্যান্ডসের জনপ্রিয় দুর্গোৎসব ‘হল্যান্ড-এ-হৈচৈ’। আগামী ১৬ অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে শুরু হতে চলা এই উদযাপনে এবার থাকছে বিশেষ চমক। মণ্ডপসজ্জার থিম ‘ডাউন দ্য মেমোরি লেন’-এর মাধ্যমে গত এক দশকের স্মরণীয় মুহূর্তগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি উৎসবকে আরও ডিজিটাল ও সহজলভ্য করতে চালু হয়েছে নিজস্ব অ্যাপ এবং হোয়াটসঅ্যাপ চ্যাটবট, যা প্রবাসীদের যাবতীয় তথ্য পেতে সাহায্য করবে।
উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করতে পুজোর পাঁচ দিনের ভূরিভোজে যুক্ত হয়েছে বাংলার পাঁচ যুগের ঐতিহ্যবাহী স্বাদ। মেনুতে থাকছে পাল-সেন আমলের দরবারি ইলিশ থেকে শুরু করে সুলতানি জমানার কষা মাংস, নবাবি বাগদা চিংড়ি, ব্রিটিশ আমলের ভোগের খিচুড়ি এবং কলেজ স্ট্রিট কেবিনের ফিশ ফ্রাই। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবে বাংলা ব্যান্ড ‘লক্ষ্মীছাড়া’ এবং হাসির খোরাক জোগাবেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ‘বং শর্ট’। মেলা, পোশাক ও বইয়ের স্টলের পাশাপাশি প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনায় সেজে ওঠা এই আয়োজন নেদারল্যান্ডসের বাঙালিদের এক সুতোয় বাঁধার এক অপূর্ব মিলনমেলা হয়ে উঠেছে।