কলকাতায় পানীয় জলের হাহাকার, রাষ্ট্রসঙ্ঘে নালিশ তৃণমূল সাংসদের!
বার্তা ডেস্কঃ
কলকাতায় বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার একটি কলোনির মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। এই মর্মে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এক্সে পোস্ট করা ওই চিঠিতে তিনি দাবি করেছেন, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা মুসলিম হওয়ার কারণে এবং ভোটব্যাঙ্কের অংশ না হওয়ায় তাঁদের এই মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত রাখা হচ্ছে।
তৃণমূল সাংসদের মতে, পানীয় জলের এই চরম সঙ্কটকে শুধুমাত্র নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা হিসেবে দেখা চলে না; এর সঙ্গে বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা এবং জীবনযাপনের অধিকার সরাসরি জড়িত। নিরাপদ জলের অভাবে এলাকায় মহামারী ও রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি চেয়েছেন। পাশাপাশি, হাজার হাজার পিছিয়ে পড়া মানুষের এই মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সংস্থাগুলির দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সামিরুল ইসলাম।