যন্তর মন্তরের পথে আটক ধ্রুব রাঠী, দিল্লি জুড়ে তুঙ্গে উত্তেজনা!
বার্তা ডেস্কঃ
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করল পুলিশ। শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে যন্তর মন্তরের উদ্দেশে রওনা হওয়ার মুহূর্তে পুলিশ তাঁকে বাধা দেয় এবং নির্দেশ অমান্য করার অভিযোগে আটক করে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ সংশোধন বাতিলের দাবিতে সিজেপি-র এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। শহরের একাধিক মেট্রো স্টেশন বন্ধ করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ধ্রুবের এই আটকের তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে সিজেপি নেতৃত্ব।
অন্যদিকে আন্দোলন ঠেকাতে দিল্লির বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং ১৬৩ ধারা জারি করা হয়েছে। সকাল থেকেই শহরের রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসেনা মোতায়েন রেখে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সিজেপি-র আহ্বায়ক অভিজিৎ দীপকে সহ অসংখ্য তরুণ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী শিবির। যন্তর মন্তরগামী ট্রেন বাতিল এবং ব্যাপক ধরপাকড়ের মুখেও তরুণদের রাজপথে নামার বার্তা দিয়েছে সিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজধানীজুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।