পুজোর মুখে রেস্তোরাঁয় খাচ্ছেন? সাবধান, পুরসভার অভিযানে বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে শহরের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং খাবারে ভেজাল রুখতে চরম তৎপরতা দেখাল কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগ। শুক্রবার পুরসভার স্বাস্থ্য দপ্তরের বিশেষ আধিকারিকরা নিউ মার্কেট ও ধর্মতলা এলাকার একাধিক রেস্তোরাঁ এবং ফুটপাতের খাবারের দোকানে আচমকা অভিযান চালান। এই তল্লাশিতে বেশ কিছু নামি রেস্তোরাঁসহ একাধিক দোকানে দু-তিন দিনের বাসি ও নষ্ট খাবার মিলতেই তা তৎক্ষণাৎ ফেলে দেওয়া হয়। খাদ্যের গুণমান পরীক্ষার পাশাপাশি বেশ কিছু খাবারের নমুনা সংগ্রহ করে পুরসভার নিজস্ব ফুড ল্যাবরেটরিতেও পাঠানো হয়েছে। হঠাৎ এই অভিযানে নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুরসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কেবল মহালয়া নয়, পুজোর দিনগুলিতেও শহরের সমস্ত দোকান ও রেস্তরাঁয় লাগাতার এই নজরদারি চলবে। খাবারে ক্ষতিকারক সিনথেটিক রঙের ব্যবহার, ফুড লাইসেন্স এবং প্যাকেটজাত মাংস বা খাবারের মেয়াদ উল্লেখ রয়েছে কি না, তা বিশেষ যন্ত্রের সাহায্যে খতিয়ে দেখা হচ্ছে। কোনো খাবারে মেয়াদ উল্লেখ না থাকলে কিংবা নিয়ম লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুরকর্তারা।