মহালয়ায় ইডেনে বিশ্বরেকর্ড, ড্রোন শোয়ের চমকে মাতবে শহর!

বার্তা ডেস্কঃ

শরতের শিউলি ফোটা ভোরে মহিষাসুরমর্দিনীর স্তোত্রের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে দেবীপক্ষ। মহালয়ার এই আনন্দঘন সন্ধ্যায় ইডেন উদ্যানে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে মা দুর্গার এক অভূতপূর্ব আবাহন অনুষ্ঠান। যেখানে একসঙ্গে বাজবে তিন হাজার ঢাক। একই সঙ্গে এক হাজার উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে মুখরিত হবে চারপাশ, যা তৈরি করবে এক বিশ্বরেকর্ড। নাচে, গানে এবং তিন হাজার ড্রোনের রঙিন আলোয় মাতৃ আবাহনের এই অভিনব দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। শনিবার আলোকোজ্জ্বল রেড রোড ধরে খোলা জিপে ইডেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আর এন রবি। রাস্তার পাশে বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য ও শিল্পকলা তুলে ধরার পাশাপাশি রেড রোড হয়ে শোভাযাত্রাটি ইডেনে পৌঁছবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন শো ও থ্রি ডি প্রজেকশন ম্যাপিং শো ফুটিয়ে তুলবে দুর্গোৎসবের আমেজ। এই জমকালো আয়োজন শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও একসঙ্গে সরাসরি সম্প্রচারিত হবে।

সন্ধ্যা এগোতেই ইডেনের মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্রের মতো নামী শিল্পীরা। এছাড়াও পারফর্ম করবে জনপ্রিয় বাংলা ব্যান্ড দোহার, শান্তনু মৈত্র ও তাঁর দল এবং দেবর্ষি ভট্টাচার্যের মতো যন্ত্রশিল্পীরা। গঙ্গার দুই পাড় উৎসবের রঙে সাজানোর পাশাপাশি থাকছে বিশেষ গঙ্গা আরতি। এই মেগা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ট্র্যান্ড রোড ও সেন্ট জর্জেস গেট রোড সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। মহালয়া উপলক্ষে শহরজুড়ে ১৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে, যাঁরা জলপথ, সড়কপথের পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও আকাশপথে কঠোর নজরদারি চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *