হাসপাতালে মর্মান্তিক ঘটনা, ইঁদুরের কামড়ে ক্ষতবিক্ষত মৃতদেহ!
বার্তা ডেস্কঃ
মানিকতলা ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন এক প্রৌঢ়ার মৃতদেহ ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। হাওড়ার আন্দুলের বাসিন্দা আল্পনা দে দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এবং গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ওই হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে তাঁরা জানতে পারেন প্রৌঢ়ার মৃত্যু হয়েছে, অথচ তার আগে তাঁদের কোনো খবর দেওয়া হয়নি। এরপর মৃতদেহের উপর থেকে কাপড় সরাতেই তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়; তাঁরা দেখতে পান মৃতার মুখ, হাত, চোখের পাতা ও ঠোঁটের অংশ বিশেষ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত এবং আঙুল খুবলে নেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ও অমানবিক ঘটনার পর রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। হাসপাতাল চত্বরের অপরিচ্ছন্ন পরিবেশ এবং নানা অনিয়ম নিয়ে পূর্বেও একাধিক অভিযোগ উঠেছিল। ঘটনার গুরুত্ব বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে এবং এই পুরো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। আগামী তিন দিনের মধ্যে ওই কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।